
বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় ২৫ মার্চ। এই দিনটিকে মানবতা ও মানুষের অস্তিত্বের ওপর সংঘটিত চরম রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘১৯৭১ সালের এই দিনটি কেবল একটি জাতির জন্য নয়, বরং পুরো অঞ্চলের মানুষের মানবিক অস্তিত্বের বিরুদ্ধে সংঘটিত বর্বরতার স্মারক। তিনি উল্লেখ করেন, পাকিস্তানি সামরিক জান্তা পরিচালিত 'অপারেশন সার্চলাইট' ছিল একটি সুপরিকল্পিত গণহত্যা, যার লক্ষ্য ছিল বাঙালির কণ্ঠ, মর্যাদা ও আত্মপরিচয়কে দমন করা।’’
তিনি আরও বলেন, ‘‘সেই কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানার ইপিআর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়। নারী, শিশু, বৃদ্ধ ও সংখ্যালঘু; কেউই এ নৃশংসতা থেকে রেহাই পায়নি।’’
নাহিদ ইসলাম তার বক্তব্যে তুলে ধরেন, ‘‘এই গণহত্যার উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বরং এ রাত থেকেই শুরু হয় প্রতিরোধ, যা পরবর্তীতে দীর্ঘ সংগ্রামে রূপ নিয়ে স্বাধীনতা অর্জনের পথ সুগম করে।’’
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘‘গণহত্যা দিবসে সবার অঙ্গীকার হওয়া উচিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা।’’ পাশাপাশি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।