
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, যেসব বাংলাদেশি গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এ তথ্য বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’
এতে আরও জানানো হয়েছে, ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন সরাসরি টিকিট নিয়ে এয়ারপোর্টে উপস্থিত হলে প্রবাসীরা দেশ ত্যাগ করতে পারবেন। এই সময়ের মধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধি করা বা কোনো জরিমানা ছাড়াই এটি সম্ভব।
দূতাবাস আরও অনুরোধ করেছে, মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসা, ওমরাহ ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসাধারীরা ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার ব্যবস্থা করুন। উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে।