
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণহত্যার ক্ষত থেকে মুক্তির অঙ্গীকারের এই দিনে জাতি শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মৃতিতে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার, যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্য সন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। রাত পেরোলেই ফুলে ফুলে ছেয়ে যাবে শহিদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
এর আগে শেষ করা হয়েছে ধুলো-মোছার কাজ। তুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হয়েছে পুরো প্রাঙ্গণ। বাহারি রঙের ফুলে সেজেছে চত্বর, আর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সেনাবাহিনীর সদস্যরা মহড়ায় শেষবারের মতো নিজেদের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। স্মৃতিসৌধের আশেপাশে নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং বসানো হয়েছে সিসি ক্যামেরা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধার মাধ্যমে আজকের মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা করবেন। এর পর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাবেন।