
রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যেখানে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি প্রাণ হারান।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর বাঁশপট্টী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. সুরুজ আলী (৬০) কে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজ আলী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামের বাসিন্দা। তবে তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়ায় বসবাস করছিলেন।
নিহতের ছেলে মো. আলমাছ জানান, আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার প্রধান সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আমরা বিষয়টি জানতে পেরে আমার বাবাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।