
ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) একটি রাজনৈতিক কার্যালয় উদ্বোধন ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়—দলের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের দাবি, পরিকল্পিতভাবে উপজেলা শাখার নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
অন্যদিকে ধামরাই উপজেলা শাখার নেতাকর্মীদের বক্তব্য, ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় আগেই দলের একটি কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার পর এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, “এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই নিয়ে ব্যবসা করলে এনসিপি কোনোভাবেই তা সমর্থন করবে না। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এনসিপি তাদের সমর্থন করে না।”
এদিকে এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন জানান, চলতি মাসের শুরুতে ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়েছে এবং গত ১৬ মাস ধরে ঢুলিভিটা এলাকায় তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “হঠাৎ নতুন কার্যালয় উদ্বোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে এ হামলার ঘটনা ঘটে।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।