
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অবৈধভাবে পরিচালিত একটি সিসাবারে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সিসা ও সেবনসামগ্রী উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গুলশান-২ এর ৩৫ নম্বর সড়কে অবস্থিত বারে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা অভিযানে ৫ কেজি সিসা ও ৩৫টি হুক্কা জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে বারের ম্যানেজারকে আটক করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ধরনের অবৈধ সিসাবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা।