
ভারত থেকে জ্বালানি আমদানির ধারাবাহিকতায় নতুন করে আরও একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পথে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা নির্ধারিত সময়ের মধ্যেই দেশে পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই পাম্পিং কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, এদিন সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, ‘এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে; অর্থাৎ আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল চলে আসবে।’
তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।
এর আগে, ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয়, যা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। বর্তমানে সেই চালানের ডিজেল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।