
পবিত্র হজকে ঘিরে শুরু হচ্ছে আকাশপথের ব্যস্ততা—আজ রাতেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে হজ ফ্লাইট কার্যক্রম। প্রথম ফ্লাইটে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে বিমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর রাত সাড়ে ১২টার দিকে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে।
এদিকে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩টি ফ্লাইট রয়েছে।
তিনি আরও জানান, এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনে যাবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন।
স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল দল সৌদি আরবে পৌঁছেছে।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।
জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত প্রাক-হজ ফ্লাইট চলবে। এ সময় মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।