
রাঙ্গামাটিতে আবারও সংঘাত—সদর উপজেলার কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল এক ইউপিডিএফ কর্মীর।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়া এলাকার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ধর্মসিং চাকমা, যিনি ইউপিডিএফ নিয়ন্ত্রিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ধনজয় চাকমার ছেলে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, কুতুকছড়ি এলাকায় গুলিতে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে।
ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ধর্মসিং চাকমার বাড়ি ঘিরে ফেলে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ধর্মসিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।