
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শিবির নেতা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
রোববার রাতে জেলা যুবদলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের ঘটনায় মুকুলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, যুবদল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না। সংগঠনের কোনো নেতাকর্মী আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রোববার সাঘাটার বোনারপাড়া এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।