
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের দিন আজ ১৭ এপ্রিল—ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। তবে পূর্ববর্তী বছরগুলোর মতো এবার দিনটি উপলক্ষে কোনো সরকারি কর্মসূচি পালিত হচ্ছে না।
মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় মুজিবনগর সরকার। একই সঙ্গে এম এ জি ওসমানীকে প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এই সরকারই নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই মুজিবনগর সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলায়। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্থানটির নামকরণ করেন ‘মুজিবনগর’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। সেই সরকারের নেতৃত্বেই দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।