
সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ সদস্যকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু।
আদেশে উল্লেখ করা হয়, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা-এ কর্মরত সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।