
ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বয়ংক্রিয় মামলার প্রক্রিয়া চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে চালু হওয়া এই ব্যবস্থায় সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হয়ে যাচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপিত ক্যামেরা থেকে ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হচ্ছে। শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অটো জেনারেটেড মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং পরে নোটিস ডাকযোগে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকের ঠিকানায় পাঠানো হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, মহানগর এলাকায় এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গ হলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে। এই ব্যবস্থার মাধ্যমে সরাসরি অভিযান ছাড়াই প্রযুক্তির সাহায্যে আইন প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে।
প্রাথমিকভাবে এই এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে চালু করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সংখ্যক সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ঢাকাজুড়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে এই প্রযুক্তি মূলত পাঁচ ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত করছে। এর মধ্যে রয়েছে লালবাতি অমান্য করে সিগন্যাল অতিক্রম, নির্ধারিত স্টপ লাইনের বাইরে গিয়ে গাড়ি থামানো, বিপরীত দিক দিয়ে গাড়ি চালানো, অবৈধভাবে যত্রতত্র পার্কিং এবং নির্ধারিত লেন না মেনে বিশেষ করে বাম লেন বন্ধ করে রাখা।
ডিএমপি কর্মকর্তারা মনে করছেন, এই প্রযুক্তি ব্যবহার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নাগরিকদের জন্য একটি ডিজিটাল ও স্বয়ংক্রিয় আইন প্রয়োগ ব্যবস্থা গড়ে উঠবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এই ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে এবং নগরজুড়ে নজরদারি শক্তিশালী করা হবে।