
তামিল সুপারস্টার ও রাজনীতিক জোসেফ বিজয়ের বহুপ্রতীক্ষিত শেষ সিনেমা ‘জন নায়গন’ অবশেষে মুক্তির পথে এগোচ্ছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২২ জুন, বিজয়ের জন্মদিনেই বিশ্বব্যাপী মুক্তি পেতে পারে ছবিটি।
শুরুতে সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় একাধিকবার তারিখ পিছিয়ে যায়। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন প্রক্রিয়াগত কিছু সমস্যার কারণে নির্ধারিত সময়ে মুক্তি সম্ভব হয়নি বলে জানা গেছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নতুন করে মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মাতারা মনে করছেন, বিজয়ের জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এমনিতেই তুঙ্গে থাকে, ফলে সেই দিন সিনেমাটি মুক্তি পেলে তা বড় পরিসরে উৎসবে রূপ নিতে পারে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অঙ্গনে বিজয়ের সাম্প্রতিক উত্থানের কারণে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, যার প্রভাব পড়েছে সিনেমার বাজারেও। বিভিন্ন অঞ্চলে পরিবেশনা স্বত্ব নিতে আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।
বর্তমানে বিজয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও সিনেমার মুক্তি কৌশল চূড়ান্ত করতে নির্মাতারা তার সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি মুক্তির আগে দুই মিনিটের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনাও রয়েছে, যেখানে তিনি সিনেমা নিয়ে কথা বলতে পারেন।
‘জন নায়গন’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও প্রিয়ামণি। পরিচালনায় আছেন এইচ বিনোদ এবং সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবীচন্দ্রন। ছবিটির কাজ অনেক আগেই শেষ হলেও মুক্তি নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা ছিল।
এর আগে সিনেমাটিকে ঘিরে একটি বড় বিতর্ক তৈরি হয়, যখন এর এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যায়। ঘটনায় তদন্ত করে নয়জনকে গ্রেপ্তারও করা হয়।
সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষা ও বিতর্কের পর এখন ভক্তদের নজর ২২ জুনের দিকে। যদি সেদিন মুক্তি পায় ‘জন নায়গন’, তবে তা শুধু একটি সিনেমার মুক্তি নয়, বরং বিজয়ের চলচ্চিত্র জীবন থেকে রাজনৈতিক যাত্রার একটি প্রতীকী সমাপ্তি হিসেবেও দেখা হতে পারে।