
বাউল গানের শিল্পী হাসিনা সরকার তার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজের আগের বক্তব্যকে ‘রাগের বশে বলা ভুল মন্তব্য’ হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।
এর আগে তিনি অভিযোগ করেছিলেন, কিছু নারী বাউল শিল্পী বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত চাপের মুখে পড়েন এবং অনুষ্ঠানের সুযোগ পেতে অনৈতিক প্রস্তাবের মতো পরিস্থিতির সম্মুখীন হন। তার এই মন্তব্য প্রকাশের পরই বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে তার নাম ও পরিচয় নিয়ে জটিলতার কারণে তিনি পেশাগতভাবে বাধার মুখে পড়েছেন। কিছু জায়গা থেকে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া এবং একটি অফিস বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ক্ষোভ ও হতাশা থেকেই আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতেই তিনি সেই বক্তব্য দিয়েছিলেন, তবে সেটি উপযুক্তভাবে প্রকাশ করা হয়নি।
হাসিনা সরকার বলেন, প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় সুযোগ থেকে বঞ্চিত হন বলেও তিনি মনে করেন। তবে তার বক্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি সকলের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
বিতর্কের মধ্যেই এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে বাউল অঙ্গনে।