
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির জীবনে যেন একের পর এক ঝড় থামছেই না। ব্যক্তিগত জীবনের দীর্ঘ টানাপোড়েন, বিবাহবিচ্ছেদের মামলা আর সন্তানদের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের মধ্যেই এবার আরও এক হৃদয়বিদারক দৃশ্য শেয়ার করলেন তিনি।
প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি করেছে।
ভিডিওটিতে দেখা যায়, অস্ট্রিয়ায় শামশেরের কবরের পাশে নীরবে দাঁড়িয়ে আছেন সেলিনা। মুহূর্তেই আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই দৃশ্যের সঙ্গে তিনি নিজের জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন ইনস্টাগ্রামে।
সেলিনা লেখেন, ‘একজন মা হিসেবে এই কষ্ট বিশ্বকে দেখানো আমার জন্য সহজ ছিল না। কিন্তু এখন আমার আর কোনো উপায় ছিল না। গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি অস্ট্রিয়ায় ছিলাম বিবাহবিচ্ছেদের শুনানির জন্য, কিন্তু সন্তানদের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি, তাদের অজানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, সন্তানদের মধ্যে কেবল প্রয়াত ছেলে শামশেরের সঙ্গে তার দেখা হয়েছিল, আর সেই সন্তানকেও তিনি হারিয়েছেন।
নিজের অতীত স্মৃতি তুলে ধরে সেলিনা আবেগভরা ভাষায় লেখেন, ‘আমি আমার পরিবার, দেশ, কাজ সব ছেড়ে বিভিন্ন দেশে থেকেছি শুধুমাত্র স্বামীর জীবন ও ক্যারিয়ারকে সমর্থন দিতে। তবুও আজ আমি সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন।’
অভিনেত্রীর অভিযোগ, তাকে সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং আইনি প্রক্রিয়ার মধ্যেও তিনি ন্যায্য আচরণ পাচ্ছেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, তার প্রাক-বৈবাহিক সম্পত্তি নিয়েও চাপ সৃষ্টি করা হচ্ছে।
২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। গত কয়েক বছরে দাম্পত্য কলহ ও আইনি জটিলতা ঘিরে বারবার আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। সন্তানদের ফিরে পাওয়ার লড়াই এখন তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।