.jpg)
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে চাঞ্চল্যকর এক ঘটনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত টাউন হল সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও তা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যায়।
ববি হাজ্জাজ অভিযোগ করে বলেন, মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে কমিটি গঠন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি উন্নয়নে আধুনিক ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।