
বছরের পর বছর নবায়ন ছাড়াই সরকারি জমি ও স্থাপনা দখলে রেখে দেওয়ায় ঢাকা জেলা পরিষদের বিপুল পরিমাণ সম্পদ বেহাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ, অনিয়ম এবং আইনি জটিলতার কারণে সরকারের কয়েকশ কোটি টাকার সম্পদ ও রাজস্ব ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন।
ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, ঢাকা জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৪০৭ একর জমির মধ্যে কয়েক একর বর্তমানে অবৈধ দখলে রয়েছে। এছাড়া একাধিক কমিউনিটি সেন্টার ও বিভিন্ন স্থাপনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে গেছে। বেদখল সম্পদের মধ্যে কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকার জমি, রাজধানীর কাঁটাবনের একটি ভবন, মোহাম্মদপুরের চাঁদ কমিউনিটি সেন্টার, গাবতলী গরুর হাট, উত্তরার বিভিন্ন স্থাপনা, সাভার থানা রোড এবং কাতলাপুর ও কর্ণপাড়া এলাকার সম্পত্তির কথা উল্লেখ করেন তিনি।
তিনি জানান, এসব সম্পদ পুনরুদ্ধারে জেলা পরিষদ ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। গাবতলীতে জেলা পরিষদের জমি দখলে রাখার অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজ ও রোজিনা এন্টারপ্রাইজের দখলেও সরকারি জমি রয়েছে বলে দাবি করেন তিনি।
প্রশাসক বলেন, গাবতলী গরুর হাট থেকে বর্তমানে ইজারার অর্থ আদায় করছে সিটি করপোরেশন। অথচ সেখানে জেলা পরিষদের প্রায় ৪৭ একর জমি রয়েছে। একইভাবে দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে জেলা পরিষদের আরও কিছু জমি ও সম্পদ রয়েছে। এ বিষয়ে একাধিকবার চিঠি পাঠানো হলেও সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
ইয়াছিন ফেরদৌস মোরাদ আরও জানান, পুরান ঢাকার জনসন রোড এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শত কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা টাওয়ার’ নামে ২০ তলা ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নির্মাণকাজ এখনও শেষ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।
সরকারি সম্পদ সুরক্ষা এবং রাজস্ব আদায় নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে জেলা পরিষদের প্রশাসক বলেন, বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। বেদখল সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।