
বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন পর আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলেও সোমবার (২৯ জুন) ছিল আবেদনপত্র জমা নেওয়ার প্রথম দিন।
প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
সম্প্রতি নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।