
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক বিভাগকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ জন্য সাইলেন্ট জোনে স্পষ্ট সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
রোববার (১৯ জুলাই) ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় তারা যেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়।
আলোচনা শেষে ডিএমপি কমিশনার কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজধানীবাসীকে আরও উন্নত, মানসম্মত ও জনবান্ধব ট্রাফিকসেবা দিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। তাই নীরব এলাকায় সুস্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেডফ্ল্যাগ শব্দ: নেই