
মেট্রোরেলের সংরক্ষিত ডিপো এলাকায় বেআইনিভাবে ছবি ও ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযুক্ত ওই কর্মী এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পে কর্মরত ছিলেন।
বুধবার (২২ জুলাই) ডিএমটিসিএলের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল স্পষ্ট করে জানায়, রাজধানীর সর্বাধুনিক, পরিবেশবান্ধব ও নির্ভরযোগ্য গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরপত্তা বিধানে প্রতিষ্ঠানটি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) স্থাপনা হিসেবে মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার সার্বিক গোপনীয়তা লঙ্ঘন, অননুমোদিত ভিডিও ধারণ এবং পরবর্তীতে তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, বুধবার (২২ জুলাই) অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ওই আউটসোর্সিং কর্মীকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থার স্বার্থে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই রাজধানীর তুরাগ থানায় তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।