
কয়েক দিন আগে সংঘর্ষের ঘটনার পর রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সম্ভাব্য সংঘাত এড়াতে মাদ্রাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক এবং মাদ্রাসার গেটের সামনে পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে। এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। একটি পক্ষ শনিবার মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়াতে এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। ভিডিওগুলোর কয়েকটিতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।