
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বিচার বিভাগের রাজনীতিকীকরণ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ থাকলেও রিপাবলিকানদের সমর্থনে তার নিয়োগ অনুমোদিত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ। সরকারি দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্পের বিরুদ্ধে ও সংশ্লিষ্ট কয়েকটি ফৌজদারি মামলায় তিনি তার ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেন।
রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে ৫০-৪৯ ভোটে ব্লাঞ্চের নিয়োগ অনুমোদন পায়।
অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদনের পর নিজের প্রতিক্রিয়ায় ব্লাঞ্চ বলেন, তিনি ‘গভীরভাবে সম্মানিত’ বোধ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমাদের মহান দেশের ৮৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচার বিভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাতে আমি গভীরভাবে সম্মানিত।
এ সময় সিনেটের পাশাপাশি বিচার বিভাগের দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান ব্লাঞ্চ।