
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার ৩০০ দিন পেরিয়ে গেলেও শিশুদের প্রাণহানি থামেনি। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদা বিবৃতিতে বলেন, 'যে যুদ্ধবিরতি প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।'
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় এ সময় আরও শত শত শিশু গুরুতর আহত হয়েছে। দীর্ঘদিন ধরে সহিংসতার অবসানের যে প্রত্যাশা নিয়ে সেখানকার শিশুরা দিন কাটাচ্ছে, সেটিও এখনো পূরণ হয়নি।
ইউনিসেফ জানিয়েছে, পুরো গাজা উপত্যকাজুড়ে শিশুরা এখনো ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। তীব্র অপুষ্টি, বিভিন্ন রোগের বিস্তার, নিরাপদ পানির সংকট এবং ধ্বংস হয়ে যাওয়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে তাদের জীবন আরও কঠিন হয়ে পড়েছে।