
কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তার মরদেহ বের করে আনা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে ক্যাম্পে নিয়মিত রোলকলের সময় এএসআই রুবেল উপস্থিত ছিলেন না। পরে দীর্ঘ সময় তার কোনো সন্ধান না পাওয়ায় ক্যাম্পের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
পুলিশ জানায়, শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দেন। এ সময় মেঝেতে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি জানানো হলে উখিয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাস্থলে যান। পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেলকে বাইরে আনা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ তল্লাশি করে রুবেল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।