
খেলার ছলে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে নরসিংদীর দুই শিশু। মনোহরদীতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তৌহিদ (৭) ও নাদিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদ শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে। আর নাদিম নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের সন্তান। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার সময় কোনো একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পানির ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। দ্রুত তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, শিবপুর ও মনোহরদী থানার সীমান্ত নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল হতে মরদেহ দুটি পরিবার নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।