
রাজধানীর দক্ষিণখান থেকে থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শট গান ও পুলিশের লোগোযুক্ত এক জোড়া হাতকড়া উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণখান থানার মুন্সী মার্কেট ঝিলপার এলাকার একটি ঝোপে প্লাস্টিকের ব্যাগের ভেতর এসব সামগ্রী পাওয়া যায়। ব্যাগটি খুলে একটি শট গান এবং পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া শট গানটি ২০২৪ সালের ৫ আগস্ট থানা লুটের সময় খোয়া যাওয়া পুলিশের অস্ত্র। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অস্ত্র ও হাতকড়া উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা সম্ভব হয়নি।