
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ স্থান, ফ্লাইওভার ও প্রবেশপথসহ ঢাকা মেট্রোপলিটন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। এসব স্থানে তল্লাশির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। একইভাবে ঢাকার প্রধান প্রবেশপথগুলোতেও চলছে কড়া নজরদারি। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে করা হচ্ছে নিবিড় তল্লাশি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।
নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পিকেট ডিউটি। নিরাপত্তা নিশ্চিত করতে থানা মোবাইল প্যাট্রোলের পাশাপাশি ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
বড় ধরনের অপরাধ কিংবা নাশকতার আশঙ্কা মোকাবিলায় মাঠপর্যায়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
রাজধানীর শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপির সব বিভাগকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।