
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩১টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৫৭ জন, ওয়ারীতে ৩৭ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ২৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গোয়েন্দা বিভাগে ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি, দুটি সুইস গিয়ার চাকু, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।