
রাজধানীতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৭৯টি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারের হিসাবে মিরপুর বিভাগের পর রয়েছে তেজগাঁও, যেখানে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৪৬, রমনায় ৪২, লালবাগে ৪১, মতিঝিলে ৩৯, উত্তরা বিভাগে ৩৮, গুলশানে ৩৬, গোয়েন্দা বিভাগে পাঁচ এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬টি ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।