
দুর্গাপূজাকে কেন্দ্র করে টানা কয়েক দিনের ছুটির সুযোগ পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
দুর্গাপূজার নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি থাকছে। এ কারণে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটি শেষে ২৫ অক্টোবর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটির তারিখে কোনো পরিবর্তন করা হয়নি।