
বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় এক মুদি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী ইব্রাহীম খলিলের শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গেছে।
অগ্নিদগ্ধ ইব্রাহীম খলিলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে সুমন সাহিতপুর বাজারে ইব্রাহীমের মুদি দোকানে গিয়ে বাকিতে সিগারেট চান। ইব্রাহীম বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমন ব্যবসায়ীর শরীর ও দোকানের বিভিন্ন মালামালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।
আগুনে ইব্রাহীমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ার পাশাপাশি দোকানের মালামালও পুড়ে যায়। এতে ব্যবসায়ীর দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।