
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকেই গ্রেপ্তার হয়েছেন সর্বোচ্চ ১১৪ জন। এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৭৩টি মামলা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগে ৫৫, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৬০, মিরপুরে ১১৪, গুলশানে ২৯ এবং উত্তরা বিভাগে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার।
এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।