
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনের কথা বলে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক পোস্ট দিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান। তার দাবি, সন্তানের মৃত্যুর মতো ভয়াবহ ব্যক্তিগত বিপর্যয়ের মধ্যেও তাকে ছুটি দেওয়া হয়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল!!!’
একই পোস্টে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেতো!! কী জবাব দিবো বউকে??’
এর প্রায় এক ঘণ্টা পর দেওয়া আরেকটি স্ট্যাটাসে মেহেদি হাসান জানান, তখনো তার স্ত্রী সন্তানের মৃত্যুর খবর জানেন না। চিকিৎসকদের পরামর্শে বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাতের ডিউটি এবং সন্তানের মরদেহ তার কাছে পৌঁছানোর বিষয়ে সহায়তার আবেদন জানান তিনি।
পোস্টগুলোতে নিজের আর্থিক সংকট ও পারিবারিক অবস্থার কথাও তুলে ধরেন ওই পুলিশ সদস্য। তিনি লেখেন, চাকরিটি তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিকল্প কাজের সন্ধান করছেন বলেও জানান তিনি।
এরপর আরেকটি স্ট্যাটাসে সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মেহেদি হাসান। সেখানে তিনি লেখেন, তার সন্তান আর এই পৃথিবীতে নেই এবং সেই শোক বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে।
উল্লেখ্য, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।