
শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া ব্যালট বইয়ের মধ্যে একটি গণভোটের এবং একটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একটি ব্যালট বই উদ্ধার করেন। বাকি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উদ্ধারে অভিযান শুরু করেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, চল্লিশটি ব্যালট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-1 (সদর) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি—এর মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার সবকটি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।
ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।