
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে বিএনপি সভাপতির একটি বাগানবাড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ধামতী নসু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ওই রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির নেতাকর্মীদের জন্য মিষ্টি বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয়রা দেখতে পান, নসু মার্কেট এলাকায় তার বাগানবাড়ির একটি ঘরে আগুন জ্বলছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরসহ ভেতরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির বলেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। দলের বিজয় উপলক্ষে নেতাকর্মীদের অনুরোধে মিষ্টি বিতরণের ব্যবস্থা করেছিলেন। এ সময় এক কর্মীর ফোনে তিনি জানতে পারেন তার বাগানবাড়ির ঘরে আগুন লেগেছে। তিনি অভিযোগ করেন, কে বা কারা ইচ্ছাকৃতভাবে ঘরটিতে আগুন দিয়েছে। শনিবার বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।