
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে বন্দরের পানামা পোর্ট এলাকায় পণ্য ওঠানামাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল।
তিনি বলেন, “আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। সারা বিশ্বেও দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা আজ হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও জানান, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি, বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রোববার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।”
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।