
প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে গেলে তার নামে কেউ স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না—এমন ধারণা থেকেই বর্তমানে বিভিন্ন স্থাপনা ও কর্মসূচিতে নিজের নাম যুক্ত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-এর সাংবাদিক বেন টেরিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।
৮০ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি ক্ষমতা ছাড়ার পর অন্য কেউ তার জন্য তা করবে না।
এর জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন ট্রাম্প। এসব উদ্যোগের কিছুতে নিজের নাম যুক্ত করার চেষ্টা নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে বড় আকারের একটি বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এই প্রকল্পে তার নাম যুক্ত করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘থাকা উচিত।’ তবে শেষ পর্যন্ত সেখানে তার নাম থাকবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি।
হোয়াইট হাউসের বলরুম নির্মাণের পাশাপাশি কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন এবং নতুন নির্মাণ প্রকল্পের বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট অবকাঠামো জাতীয় নিরাপত্তা এবং প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির আইনগত বৈধতা ও এর বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।
এদিকে স্থাপনা বা নির্মাণ প্রকল্পের নামের মধ্যেই ট্রাম্পের নাম ব্যবহারের প্রবণতা সীমাবদ্ধ নেই। প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচির নামেও ‘ট্রাম্প’ যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্স’ এবং ‘ট্রাম্প গোল্ড কার্ড’।