
মদিনার মসজিদগুলোতে নারীদের নামাজ আদায়ের সুযোগ আরও বিস্তৃত করেছে সৌদি আরব। এখন থেকে শহরের সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য পৃথক নামাজের স্থান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন। নতুন ব্যবস্থার আওতায় ঐতিহাসিক মসজিদের পাশাপাশি মদিনার বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও থাকবে।
এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের জন্য নির্ধারিত স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্য সময় এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীরা নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এই ব্যবস্থার ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় শুধু নামাজ আদায়ের জন্য বাড়িতে ফিরে যেতে হবে না।
তবে মসজিদে নববী এই সিদ্ধান্তের আওতায় থাকছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারিত রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।