
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে নতুন করে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ, অর্থাৎ প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন করা মেডিকেল পরীক্ষায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট শনাক্ত হয়। এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় প্রয়োজন হয়।
সান্তোসে ফেরার পর থেকেই বারবার ইনজুরিতে পড়ছেন নেইমার। গত বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরার পর বাম উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে একাধিকবার চোট পেয়েছেন তিনি। সর্বশেষ চোটের আগেও এবং বিশ্বকাপ চলাকালীন কাফের সমস্যায় ভুগতে হয়েছিল তাকে।
নেইমারের চোটের পর দ্রুত মাঠে ফেরার নজিরও খুব বেশি নেই। বরং অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই অনুমিত সময়ের চেয়ে বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ফলে এবারও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দ্রুত ফেরানোর ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না সান্তোস কর্তৃপক্ষ।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য নেইমারের এই চোট বড় ধাক্কা হয়ে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ইন্টারন্যাসিওনালের বিপক্ষে লিগ ম্যাচে তাকে পাওয়া যাবে না। একই সঙ্গে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচটিতে নেইমারের পাশাপাশি আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। ডান গোড়ালিতে মচকানোর কারণে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। আরেক ফরোয়ার্ড আলভারো বারেয়ালের বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ টিয়ার ধরা পড়েছে।