
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবোঝাই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনপুর মৃর্ধাবাড়ী এলাকায় ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে গুরুতর আহত অপর দুজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।