
চাঁদপুরে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) চাঁদপুর সদর উপজেলা থেকে ফারজানা আক্তার নামের এক গৃহবধূ এবং মতলব দক্ষিণ উপজেলা থেকে অলক কুমার মোহন্ত নামের আরএফএল কোম্পানির এক বিক্রয়কর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁর নেয়ামতপুর এলাকার অমল মোহন্তের ছেলে। তিনি গত তিন মাস ধরে মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে আরএফএল কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার সারাদিন তিনি ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। রাতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন জানালা দিয়ে অলকের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে একই দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নিজ ঘর থেকে ফারজানা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফারজানা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের মমিন গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় আট মাস আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে মুঠোফোনে বাগ্বিতণ্ডার জেরে ফারজানা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”