
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যা সীমান্ত এলাকায় পাচার তৎপরতার নতুন ইঙ্গিত দিচ্ছে। এই উদ্ধার অভিযানের সময় সাড়ে চার লাখ পিস ইয়াবা ফেলে নদী সাঁতরে পালিয়ে যান মাদক কারবারিরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, এর আগে একই দিন ভোরে সদর ও ঝিমংখালি বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের ঝিমংখালি সীমান্ত এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ভোররাত প্রায় ৩টার দিকে মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পরিস্থিতি বুঝে পাশের ঘেরের পানিতে নেমে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো বায়ুরোধী ৪২টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশির সময় অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে আশপাশ এলাকায় অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ব্যাটালিয়ন অধিনায়ক মো. জহিরুল ইসলাম জানান, পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানা-এ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।