
খাগড়াছড়ির দীঘিনালায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় বোয়ালখালী বাজারের অন্তত ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান—ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার বোয়ালখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনের খবর পেয়ে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, “আগুনে আমাদের ৩৫ টি দোকান পুড়েছে। এতে করে ব্যবসায়ীর ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।”
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।