
গোপনে জ্বালানি তেল মজুত—নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে ৭৫০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে চরজব্বর ইউনিয়নের বাসিন্দা বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরেই পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে দাহ্য পদার্থ জমা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এই তেল মজুত করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সধারী ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে।
এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ সংরক্ষণের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।