
পূর্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অচল হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার জেরে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে একই স্থানে আরেক দফা সংঘর্ষ হয়, যা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।
তবে শনিবার রাতে ফের দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। দীর্ঘ সময় ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মোহাম্মদ কাউসার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।