
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাঁদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।
আহতরা হলেন—আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।