.jpeg)
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যখন নিম্নমুখী, ঠিক সেই সময়ে দেশের বাজারে তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারের এই পদক্ষেপকে সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এই প্রতিক্রিয়া জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে তেলের দাম বাড়ানোকে তিনি অত্যন্ত ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বর্তমানে নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা। জীবনযাত্রার ব্যয় মেটাতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার দশা, ঠিক তখনই ‘দর সমন্বয়’-এর দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, "যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ধারাবাহিকভাবে কমছে, সেখানে দেশের বাজারে এই বৃদ্ধি কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না।" এই হটকারী সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়াসহ উৎপাদন ও নিত্যপণ্যের দাম আরও বাড়বে, যা সরাসরি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি বোঝার সৃষ্টি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জনস্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের দাবি জানান জামায়াত আমির।