
জামালপুরের মাদারগঞ্জে জাল মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরির ঘটনায় দুই যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দুপুরে সিয়াম মিয়া নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাল রেজিস্ট্রেশন সনদ দিয়ে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় ওই সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে এবং তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এই জাল সনদ তৈরিতে স্থানীয় একটি কম্পিউটার দোকানদার জড়িত।
পরবর্তীতে উপজেলা চত্বরে অবস্থিত ‘রায়হান কম্পিউটার’ নামের দোকানে অভিযান চালালে মালিক কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সিয়াম মিয়া ও কামরুল হাসানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি ফুয়েল কার্ড পেতে আগ্রহীদের সঠিক ও বৈধ কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।