
বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কার্যক্রমের কারণে সুনামগঞ্জের দিরাই ও সিলেট নগরের বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিরাই উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই উপজেলায় প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, একই দিন সিলেট নগরের কয়েকটি এলাকায় ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এটি লাইনের উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ।
এই সময়ের মধ্যে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকাগুলো বিদ্যুৎবিহীন থাকবে। পাশাপাশি বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন আরও কিছু আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও একই সময় বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।